বিনোদন ডেস্ক, নবদিশা: বড় বাজেটের চাকচিক্য কিংবা নামী তারকাদের ভিড় ছাড়াই ভারতীয় বক্স অফিসে বিস্ময় ছড়িয়েছে ‘হনুমান অংশ’। মাত্র দুই কোটি রুপির ক্ষুদ্র বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি এখন সাফল্যের সব হিসাব পাল্টে দিয়েছে। মুক্তির শুরুর দিকে খুব একটা সাড়া না ফেললেও, দর্শকমুখে গল্পের প্রশংসায় দ্রুত বদলে গেছে ছবিটির ভাগ্য।
রেকর্ড ভেঙে শীর্ষে হনুমান অংশ
মুক্তির ৩১তম দিনে সিনেমাটি ১০০ কোটি রুপির অভিজাত ক্লাবে প্রবেশ করে। পঞ্চম সপ্তাহান্তের হিসাব বলছে, এই সময়ে সিনেমাটি আয় করেছে ৪৫ কোটি ৬০ লাখ রুপি, যা সমসাময়িক বড় সিনেমা ‘ধুরন্ধর’-কেও পেছনে ফেলে দিয়েছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এই সাফল্যকে বিরল বলে অভিহিত করেছেন, কারণ কোনো বড় তারকার মুখ ছাড়াই এটি সম্ভব হয়েছে।
আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনদর্শনকে কেন্দ্র করে ড. বিশাল চতুর্বেদী নির্মাণ করেছেন এই চলচ্চিত্র। মায়ের মৃত্যুর পর স্রষ্টার সন্ধানে বেরিয়ে পড়া এক যুবকের আধ্যাত্মিক যাত্রা ও তার সংগ্রামের গল্প উঠে এসেছে রূপালি পর্দায়। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন শোভিনব সত্য, যার সাবলীল অভিনয় দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।
৭ আগস্ট মাত্র ২৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। প্রচারণার অভাব থাকলেও দর্শকপ্রিয়তার জোয়ারে আজ এটি ভারতের বক্স অফিসের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান দাপট বজায় থাকলে ‘হনুমান অংশ’ ভবিষ্যতে আরও অনেক বড় রেকর্ডের মাইলফলক স্পর্শ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন