খেলাধুলা ডেস্ক, নবদিশা: এশিয়া কাপের মঞ্চে আবারও ফিরে এল পুরনো সেই অস্বস্তিকর দৃশ্য। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জেতার পরেও তা হাতে নিতে পারল না ভারতের নারী ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেও ট্রফি ও পদকবিহীন অবস্থাতেই তাদের ফিরতে হয়েছে দেশে।
বিতর্কের কেন্দ্রে ট্রফি বিতরণ
পুরো ঘটনার সূত্রপাত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ট্রফি প্রদানের জেদ থেকে। ম্যাচের শেষ ওভার চলাকালীন মাঠে উপস্থিত হয়ে তিনি নিজেই বিজয়ী দলকে ট্রফি দিতে চেয়েছিলেন, যা মেনে নেয়নি ভারতীয় দল। মাঠের ভেতরে বিসিসিআই ও ভারতের টিম ম্যানেজমেন্টের কড়া অবস্থানে শেষ পর্যন্ত ট্রফি বিতরণ ছাড়াই শেষ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত বছর পুরুষ এশিয়া কাপেও প্রায় একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে ভারতীয় দল ট্রফি ছাড়াই ফিরেছিল। এসিসির ভাইস প্রেসিডেন্ট খালিদ আল জারুনিকে দিয়ে ট্রফি প্রদানের প্রস্তাব থাকলেও তাতে রাজি হননি মহসিন নাকভি। ফলে রুদ্ধদ্বার আলোচনার পর ট্রফি ছাড়াই সমাপ্তি ঘটে আনুষ্ঠানিকতার।
বিসিসিআইয়ের কঠোর অবস্থান
পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নাকভিকে দেখা গেলেও ভারতের কোনো প্রতিনিধিকে তার পাশে দেখা যায়নি। দলের কোচ অমল মুজমদার বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছেন, বিসিসিআইয়ের নেওয়া সিদ্ধান্তের প্রতি তারা অবিচল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবই তাদের কাছে বড় অর্জন, তাই আনুষ্ঠানিক ট্রফি না থাকাটা তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের এই অনড় অবস্থান বুঝিয়ে দিয়েছে যে, ক্রিকেটীয় কূটনীতি ও মাঠের বাইরের সম্পর্কের টানাপোড়েন আপাতত সহসা মিটছে না। চ্যাম্পিয়ন হয়েও শিরোপা না পাওয়ার এই ঘটনাটি নারী ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে রইল।

মন্তব্য করুন