খেলাধুলা ডেস্ক, নবদিশা: আন্তর্জাতিক ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করে মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ ২০২৬। এই আসরের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। জাকার্তার গেলোর বুং কার্নো স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে। এশিয়ান অঞ্চলের ১১টি দেশসহ মোট ১৪টি দল নিয়ে সাজানো হয়েছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার প্রিমিয়ার ডিভিশনে খেলছে বাংলাদেশ।
জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। গ্রুপ পর্বে মালয়েশিয়ার পর বাংলাদেশ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ইতোমধ্যেই কঠোর অনুশীলন শুরু করেছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, জাতীয় দলগুলোকে বছরের আন্তর্জাতিক সূচিতে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিতেই এই টুর্নামেন্ট চালু করা হয়েছে।
গ্রুপ বি-তে থাকা থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো শক্তিশালী দলগুলোর উপস্থিতিতে পুরো আসরটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন। তবে বাংলাদেশ দল মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে পরবর্তী রাউন্ডের পথ সুগম করতে বদ্ধপরিকর।

মন্তব্য করুন