আন্তর্জাতিক ডেস্ক, নবদিশা: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসি বাহিনী কর্তৃক লুট হওয়া একটি দুর্লভ চিত্রকর্ম দীর্ঘ ৮০ বছর পর প্রকৃত মালিকের উত্তরাধিকারীর কাছে ফিরছে। আর্জেন্টিনার একটি আদালত ‘পোর্ট্রেট অফ আ লেডি’ নামক এই বারোক ঘরানার চিত্রকর্মটি ফেরত দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। এতদিন এই শিল্পকর্মটি বুয়েনস আয়ার্সের উপকণ্ঠে এক নাৎসি সহযোগীর পরিবারের কাছে সংরক্ষিত ছিল।
আট দশক পর ইতিহাসের পুনরুদ্ধার
চিত্রকর্মটির সন্ধান মেলে গত বছর, যখন আর্জেন্টিনার মার দেল প্লাতা অঞ্চলের একটি বাড়ির বিক্রয় বিজ্ঞাপনের ছবিতে এটি দৃশ্যমান হয়। বাড়ির মালিক প্যাট্রিসিয়া ক্যাডগিয়েন ছিলেন একজন নাৎসি পলাতক অপরাধীর কন্যা, যার বাবা হারমান গোরিংয়ের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। আদালতের শর্ত অনুযায়ী, চিত্রকর্মটি হস্তান্তরের বিনিময়ে প্যাট্রিসিয়াকে এটি লুকিয়ে রাখার দায়ে আইনি বিচারের মুখোমুখি হতে হবে না।
মূলত ১৯৪০ সালে নেদারল্যান্ডসে নাৎসি আগ্রাসনের পর ইহুদি শিল্প ডিলার জ্যাক গুডস্টিকারের সংগ্রহ থেকে সহস্রাধিক শিল্পকর্ম লুট করা হয়েছিল। সেগুলোর মধ্যে ‘পোর্ট্রেট অফ আ লেডি’ ছিল অন্যতম। গুডস্টিকারের একমাত্র উত্তরাধিকারী মারি ফন সাহের জানিয়েছেন, তিনি এই শিল্পকর্মটি বুয়েনস আয়ার্সের হলোকাস্ট মিউজিয়ামে সাময়িকভাবে প্রদর্শনের পরিকল্পনা করছেন। এর মাধ্যমে তিনি তার পরিবারের হারানো উত্তরাধিকার পুনরুদ্ধারের পাশাপাশি নাৎসি লুণ্ঠনের ঐতিহাসিক ভয়াবহতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান।
গত সেপ্টেম্বরে চিত্রকর্মটি উদ্ধারের প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর প্যাট্রিসিয়া ক্যাডগিয়েন ও তার স্বামীকে গৃহবন্দি করা হয়েছিল। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে এটি ফিরে পাওয়ার ঘটনাকে শিল্পকলা পুনরুদ্ধার প্রক্রিয়ায় এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ফন সাহের অঙ্গীকার করেছেন, জ্যাক গুডস্টিকারের লুট হওয়া প্রতিটি শিল্পকর্ম খুঁজে বের করে তার পরিবারের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি বদ্ধপরিকর।

মন্তব্য করুন