প্রযুক্তি ডেস্ক, নবোদিশা: কর্মসংস্থানের সন্ধানে থাকা তরুণ পেশাজীবীদের টার্গেট করে বিশ্বজুড়ে বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। সম্প্রতি লিঙ্কডইনের মাধ্যমে একটি ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে এক ভুক্তভোগী তার জীবনের সঞ্চিত ১৮ হাজার পাউন্ড খোয়া গেছেন। চাকরির ইন্টারভিউয়ের অজুহাতে ম্যালওয়্যারযুক্ত একটি নথি ডাউনলোড করানোর মাধ্যমেই হ্যাকাররা তার ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয়।
কৌশলী প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা
ভুক্তভোগী ব্যক্তি নতুন চাকরির সন্ধানে নিজের প্রোফাইলে সক্রিয় ছিলেন, যা কাজে লাগিয়ে প্রতারক চক্রটি তার সঙ্গে যোগাযোগ করে। তারা কেবল ভুয়া নিয়োগপত্রই পাঠায়নি, বরং ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে চাকরিপ্রার্থীর আস্থা অর্জন করে। এরপর কারিগরি দক্ষতার পরীক্ষার কথা বলে গুগল শিটের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে মুহূর্তের মধ্যে তার সব সঞ্চয় হাতিয়ে নেয় হ্যাকাররা।
লিঙ্কডইন এবং ইনডিড-এর মতো পেশাদার প্ল্যাটফর্মগুলো ক্রমবর্ধমান এই অনলাইন জালিয়াতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতার কারণে তরুণ প্রজন্মের প্রায় ৩২ শতাংশ পেশাজীবী অনেক সময় সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে তরুণদের মাঝে এই ‘স্ক্যাম গ্যাপ’ সাইবার অপরাধীদের জন্য একটি সহজ সুযোগ তৈরি করে দিচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনো নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউয়ের জন্য অপরিচিত কোনো লিংক বা নথি ওপেন করার আগে সতর্ক থাকা জরুরি। কোম্পানি ও নিয়োগদাতার পরিচয় যাচাই করা এবং অনলাইনে চাকরির অফার গ্রহণ করার আগে যথাযথ অনুসন্ধান করা এখন সময়ের দাবি। ডিজিটাল দুনিয়ায় সচেতনতাই হতে পারে সাইবার আক্রমণ থেকে বাঁচার একমাত্র কার্যকর সুরক্ষা কবজ।

মন্তব্য করুন