📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন ও সচেতনতা কর্মসূচি

কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন ও সচেতনতা কর্মসূচি

অনলাইন ডেস্ক, নবদিশা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস, ডেঙ্গু প্রতিরোধে সবাই একসঙ্গে’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের কাছে ১০ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

স্মারকলিপি প্রদানের পরপরই ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, মুক্তমঞ্চ এবং ঝোপঝাড়যুক্ত এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন স্প্রে করা হয়। শিক্ষার্থীরা যেন ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা।

স্বাস্থ্য সুরক্ষায় ১০ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমাকৃত স্মারকলিপিতে ক্যাম্পাসজুড়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জমে থাকা পানি নিষ্কাশনের দাবি জানানো হয়েছে। এছাড়া ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার করা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদী ফগিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আবাসিক হলগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের বিষয়টিও স্মারকলিপিতে উঠে এসেছে। ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সক্ষমতা বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।

ছাত্রদল নেতা মো. আবুল বাশার জানান, কেবল কর্মসূচি পালনই মূল লক্ষ্য নয়, পরিচ্ছন্নতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করাই আমাদের উদ্দেশ্য। প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগেই একটি স্বাস্থ্যকর ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছে সংগঠনটি।

মন্তব্য করুন

Your email address will not be published.