বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। খাবারের ভেজাল, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার, ভারী ধাতু এবং হরমোনের কারণে দেশের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকিতে পড়ছেন। সাধারণত আমরা যে খাদ্য গ্রহণ করি—হাঁস-মুরগি, গরু, খাসি, ছাগল, মাছ, ডিম বা ফাস্ট ফুড—এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে ক্ষতিকর পদার্থের উপস্থিতি রয়েছে, যা শরীরের বিভিন্ন অঙ্গকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে।
বিশেষজ্ঞদের মতে, অনিরাপদ খাদ্য সরাসরি হার্ট, লিভার, কিডনি, ব্রেন ও লাংয়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধিেও নেতিবাচক প্রভাব ফেলে। প্রিম্যাচিউর শিশু, ব্রেনের বিকাশে অনিয়ম এবং হরমোনজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, টিন ফুড ও ক্যান ফুডে ব্যবহৃত অতিরিক্ত ট্রান্সফ্যাট, সোডিয়াম এবং চিনি শারীরিক ক্ষতির প্রধান কারণ। খাবারের তেল যখন বারবার পুড়ে যায়, তখন তা আনস্যাচুরেটেড ফ্যাটি এসিডের ক্ষতিকর ফর্মে রূপান্তরিত হয়। এর ফলে রক্তনালীর ভিতরে চর্বি জমে যায় (লো-ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল), যা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ব্লকেজের ঝুঁকি বৃদ্ধি করে।
গবাদী পশু ও মাছের খাদ্যে ব্যবহৃত কীটনাশক এবং হরমোন আমাদের দেহে প্রবেশ করে। মুরগি বা গরু খাসি প্রজননের জন্য বিভিন্ন রাসায়নিক সার ও হরমোন খাওয়ানো হয়, যা দুধ, ডিম ও মাংসের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছায়। এসব পদার্থ পেটের অসুবিধা, লিভার সমস্যা, বদহজম এবং দীর্ঘমেয়াদী রোগের কারণ হিসেবে ধরা পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছেন, যার অনেকের মূল কারণ ভেজাল খাদ্য। ২০২১ সালের গ্লোবাল বার্ডেন অব ডিজিজ অনুযায়ী, অতিরিক্ত সোডিয়াম, ট্রান্সফ্যাট এবং চিনিযুক্ত খাবারের কারণে বছরে প্রায় ২৭ হাজারের বেশি মানুষ মারা যায়।
সরকার নিরাপদ খাদ্য আইন ২০১৩ পাশ করলেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) নিয়মিত খাদ্য পরীক্ষা চালাচ্ছে এবং ভেজাল ধরা পড়লে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণকেও সচেতন হতে হবে, নিরাপদ খাদ্য নির্বাচন করতে হবে এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে।
বাংলাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস প্রতি বছর ২ ফেব্রুয়ারি পালন করা হয়। দিবসের লক্ষ্য হলো নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি। তবে শুধু দিবস উদযাপন নয়, প্রতিদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ভোক্তা সচেতনতা নিশ্চিত করাই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যহানির ঝুঁকি কমাবে।
একজন চিকিৎসক জানান, “স্বাস্থ্য সচেতন মানুষ অল্প খেয়ে, নিরাপদ ও পরিচ্ছন্ন খাদ্য গ্রহণ করলে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হার্ট, লিভার বা কিডনি সমস্যার ঝুঁকি কমাতে পারে। ভেজাল ও প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলাই সুস্থ থাকার অন্যতম উপায়।”
নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়। প্রত্যেক মানুষের দায়িত্ব হলো সচেতনভাবে খাবার বেছে নেওয়া, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা এবং খাদ্যের উৎস ও মান যাচাই করা। অল্প খেয়ে নিরাপদ খাদ্য গ্রহণ করলে আমরা সুস্থ জীবনযাপন করতে পারব এবং দীর্ঘমেয়াদী রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারব।

Leave a Reply