লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট শুধু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনই নয়, এটি একটি বিশেষ বিড়ালেরও ঠিকানা। সেই বিড়ালটির নাম ল্যারি দ্য ক্যাট। দীর্ঘ ১৫ বছর ধরে এই ঐতিহাসিক ভবনে বসবাস করে আসছে সে।
২০১১ সালে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সময়ে ল্যারিকে ডাউনিং স্ট্রিটে আনা হয়। এরপর থেকে এখন পর্যন্ত ছয়জন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছে এই বিখ্যাত বিড়াল। বর্তমানে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময়েও সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
ল্যারি শুধু বাসভবনের পোষা প্রাণী নয়, তার রয়েছে একটি ‘সরকারি পদ’ও। তাকে মন্ত্রিপরিষদ কার্যালয়ের প্রধান ইঁদুর নিধনকারী হিসেবে ধরা হয়। নিয়মিত ভবনের ভেতর ও আশপাশে টহল দিয়ে নিজের কাজ সামলে নেয় সে।
সাদা-ধূসর রঙের এই বিড়ালটি এখন বয়সে প্রায় ১৮ বা ১৯ বছরের কাছাকাছি। বয়স হলেও তার চঞ্চলতা এখনো কমেনি। সুযোগ পেলেই সে অতিথিদের সঙ্গে মিশে যায় এবং ক্যামেরার সামনে হাজির হয়।
বিশ্বনেতাদের সঙ্গেও ল্যারির নানা মজার স্মৃতি রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তবে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় কিছুটা ঝামেলাও সৃষ্টি করেছিল ল্যারি। তখন ক্যামেরার সামনে এসে ছবি নষ্ট করে দেয় এবং ট্রাম্পের গাড়ির নিচে শুয়েও পড়েছিল সে।
সব মিলিয়ে, ল্যারি দ্য ক্যাট শুধু একটি বিড়াল নয়—সে এখন ডাউনিং স্ট্রিটের ইতিহাসেরই একটি অংশ।

Leave a Reply