📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে ঐতিহাসিক জয় পেল উগ্র ডানপন্থী এএফডি

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে ঐতিহাসিক জয় পেল উগ্র ডানপন্থী এএফডি

আন্তর্জাতিক ডেস্ক, নবদিশা: জার্মানির স্যাক্সনি-আনহাল্ট অঞ্চলের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে দলটি ৪৪ শতাংশ ভোট পেয়ে সংসদীয় দৌড়ে সবার শীর্ষে উঠে এসেছে।

তবে এই বিশাল বিজয় সত্ত্বেও এএফডি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। পার্লামেন্টের ৮৩টি আসনের মধ্যে দলটি দখল করেছে ৩৯টি, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৪২টি আসন।

রাজনৈতিক পরিবর্তনের ডাক এএফডির

দলের প্রধান প্রার্থী উলরিখ সিগমুন্ড বিজয় উদযাপনের সময় এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, স্থানীয় ভোটাররা একটি স্পষ্ট রাজনৈতিক পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং তারা এএফডির মাধ্যমেই সেই পরিবর্তন প্রত্যাশা করছে।

নির্বাচনী প্রচারণায় দলটি অভিবাসন বিরোধী কঠোর অবস্থান ও ‘রিমাইগ্রেশন’ বা অ-জার্মান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর এজেন্ডা নিয়ে কাজ করেছে। এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতির নতুন পথে হাঁটার প্রতিশ্রুতিও দিয়েছিল এএফডি।

জোট গঠন ও ভবিষ্যৎ সমীকরণ

এএফডি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্য কোনো দলের সাথে জোট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে এই প্রক্রিয়ায় তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আদর্শিক মতপার্থক্য।

বিশেষ করে বামপন্থী দল সাহরা ওয়াগেননেখট অ্যালায়েন্সের (বিএসডব্লিউ) সাথে কোনো ধরনের বোঝাপড়ায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছে এএফডি। দলটি এখন নিজেদের এজেন্ডা অনুযায়ী স্থানীয় শাসন পরিচালনার জন্য মিত্র বা বিকল্প কৌশলের সন্ধানে ব্যস্ত।

দলের সহ-নেতা অ্যালিস ভাইডেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, জার্মানির স্বার্থের বাইরের নীতিতে সাধারণ মানুষ এখন ক্লান্ত। তিনি জোর দিয়ে বলেন, তার দল কেবল জার্মানির জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই নীতি নির্ধারণ করবে।

মন্তব্য করুন

Your email address will not be published.